চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত সামগ্রিক হিসাবে দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।