জিম্বাবুয়ের মারোন্দেরা জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির আলোচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো ও তার স্ত্রী লুসি মুতেকে রয়েছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ জানিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে মারোন্দেরা জেলায় এই দুর্ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ায় আরোহীদের মরদেহ পুড়ে যায়।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, মরদেহগুলো পুড়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্তের কাজ চলছিল। পরে জেডবিসি নিউজ পারিবারিক সূত্রের বরাত দিয়ে উইকনেল চিভায়ো ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করেছে।
নিহত ৪৩ বছর বয়সী ব্যবসায়ী উইকনেল চিভায়ো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং ইসওয়াতিনির রাজা মসওয়াতি তৃতীয়সহ বিভিন্ন আঞ্চলিক নেতার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের ছবি প্রকাশ করতেন।