যশোর সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে ‘ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে পাঁচ যুবককে ধরে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে একদল যুবক বালিয়াডাঙা বিসিক এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া দেন। একপর্যায়ে মান্দারতলা এলাকায় গাড়ি ফেলে কয়েকজন পালিয়ে গেলেও মালোপাড়া এলাকা থেকে পাঁচ যুবককে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে পুলিশে হস্তান্তর করে এবং কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম। আঘাতপ্রাপ্ত অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক যুবকেরা ঘটনা সম্পর্কে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। একজন পাওনা টাকা আদায়, অন্যজন একজনের স্ত্রীকে নিতে আসার দাবি করলেও আরেকজন এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তাঁদের বক্তব্যের অসঙ্গতিতে ঘটনাটি নিয়ে রহস্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে তাঁদের ছিনতাইকারী চক্রের সদস্য বলে ধারণা করা হলেও ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের হামলায় আহত যুবকদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।