আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার প্রায় ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, তাদের রেকর্ড অনুযায়ী এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আসামের উদলগুড়ি শহর থেকে ১৪ কিলোমিটার পূর্বদিকে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি ঘটে। তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার জানান, উৎপত্তিস্থল আসামের রাজধানী গুয়াহাটি থেকে কিছুটা দূরে, আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি এলাকায়। তাঁর ভাষ্য, এটি মাঝারি থেকে তুলনামূলক শক্তিশালী মাত্রার ভূমিকম্প।