মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে বার্সেলোনা। শহরের বিভিন্ন সড়ক ও অ্যাভিনিউতে পানি জমে যায়। সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব পড়ে শহরের উঁচু এলাকা ও কোলসেরোলা (Collserola) অঞ্চলে। জলাবদ্ধতার কারণে রোন্দা দে দাল্ত (Ronda de Dalt) সড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ রাখতে হয়।
ভারী বৃষ্টির কারণে বার্সেলোনার মেট্রো পরিষেবাতেও বড় ধরনের বিঘ্ন ঘটে। কয়েকটি স্টেশন বন্ধ করা হয় এবং একাধিক লাইনের বিভিন্ন অংশে ট্রেন চলাচল বন্ধ থাকে। কিছু স্টেশনে পানি জমে যাওয়ায় ট্রেন নির্দিষ্ট স্টেশনে না থেমেও চলাচল করে।

ট্রাম (TRAM) ও রেল পরিষেবাতেও দেখা দেয় নানা সমস্যা। রোদালিয়েস (Rodalies) ও উচ্চগতির ট্রেন চলাচলে বিলম্ব ও অন্যান্য জটিলতা তৈরি হয়। বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরেও বৃষ্টির প্রভাব পড়ে এবং শতাধিক ফ্লাইট বাতিল ও বহু ফ্লাইট বিলম্বিত হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। বার্সেলোনা শহরের প্রায় ৬০টি শিক্ষাকেন্দ্রে পানি ঢোকা, পানি চুইয়ে পড়া ও অন্যান্য সমস্যা দেখা দেয়। কয়েকটি গ্রন্থাগার ও নাগরিক কেন্দ্রেও বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হয়। তবে বার্সেলোনার শিক্ষা কনসোর্টিয়াম জানিয়েছে, বুধবার ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস স্বাভাবিকভাবে শুরু হওয়ার কথা।
২৯ সেপ্টেম্বরের এই বৃষ্টিতে বার্সেলোনার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ পানি জমে। কোলসেরোলার রেতোরেত (Rectoret) এলাকায় ১১১ লিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবজারভাতোরি ফাব্রা (Observatori Fabra) এলাকায় ৮১ লিটার এবং ভালকার্কায় ৭৩ লিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, মেট্রো ও অন্যান্য গণপরিবহনে একের পর এক সমস্যা দেখা দেয়। রোন্দা দে দাল্তের একটি অংশে পানি জমে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়।
তবে দুপুরের পর বৃষ্টির তীব্রতা কমতে শুরু করলে বার্সেলোনার কিছু এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যান ও মেট্রো পরিষেবা। এরপরও কয়েকটি রুটে পানি জমে থাকার কারণে যান চলাচলে সমস্যা ও গণপরিবহনে বিলম্ব অব্যাহত ছিল।