মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০২৬ সালের ২৪তম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এমপাওয়ার্ড মিটিং রুমে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট সদস্যদের সামনে উপস্থাপন এবং মন্ত্রণালয়ের সর্বশেষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের উপপ্রধান সচিব দাতো হাজি আবদুল হালিম বিন হাজি আবদুল রহমান, নীতি ও নিয়ন্ত্রণ বিভাগের উপপ্রধান সচিব দাতুক হাজি মাখজান বিন মাহিউদ্দিন এবং ব্যবস্থাপনা বিভাগের উপপ্রধান সচিব আইনাহ বিনতি মোহাম্মদ সুনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সংস্থার সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগ ও সংস্থার কার্যক্রমের সঙ্গে নীতিগত সমন্বয়, প্রশাসনিক দক্ষতা এবং জাতীয় নিরাপত্তা প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে নীতি বাস্তবায়নে সমন্বয় আরও জোরদার করা, প্রশাসনিক কার্যক্রমকে কার্যকর ও দক্ষ করা এবং জাতীয় নিরাপত্তা প্রস্তুতি আরও শক্তিশালী করার বিষয়ে মন্ত্রণালয়ের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়ার ‘মাদানি’ রাষ্ট্রীয় দর্শনের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি, প্রশাসন ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে নীতি ও প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।