রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলি সেটেলার প্রবেশ করেছে। ভারী অস্ত্রে সজ্জিত ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা আল-আকসার সীমানার ভেতরে প্রবেশ করে।
জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের তথ্যমতে, প্রায় ৫৭০ জন ইসরাইলি আল-আকসার উঠানে প্রবেশ করে। সেখানে তারা তালমুদিক আচার-অনুষ্ঠান ও প্রার্থনা করে। পুরো সময় ইসরাইলি সেনারা অস্ত্র হাতে তাদের নিরাপত্তায় মোতায়েন ছিল।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর আগের দিনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী ও উগ্রপন্থীরা অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওয়েস্টার্ন ওয়াল’ প্রাঙ্গণে গিয়েছিলেন। এর পরদিনই আল-আকসায় শত শত ইসরাইলির প্রবেশের ঘটনা ঘটল।
এদিকে সামনে ইহুদিদের বড় ধর্মীয় উৎসব ‘ইয়োম কিপুর’। রোববার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবকে ঘিরে আল-আকসা এলাকায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি এবং সেটেলারদের প্রবেশের ঘটনায় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।