মাদক শনাক্তকরণ ডোপ টেস্টের খবর শুনে গত দুই দিন ধরে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদ গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। ১৬ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়। এমনকি তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
এদিকে ডোপ টেস্টের খবর শুনে তার গা ঢাকা দেওয়ার বিষয়টি জানতে পেরে চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি।
চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ও বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও মঙ্গলবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।