লিবিয়ার বেনগাজীতে অবস্থিত গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে করে দেশে আনা হয়।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
দেশে ফেরার পর বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের লিবিয়ায় অবস্থানকালের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এদিকে, আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।