সংঘাতের আগুনে আবারও ঘরছাড়া মানুষের ঢল নেমেছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে। মাত্র কয়েক দিনের সাম্প্রতিক সহিংসতায় দেশটিতে ৪৬ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আইওএমের ইয়েমেন মিশনের প্রধান আবদুসাত্তার এসোয়েভ এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, গত কয়েক দিনে অন্তত ৪৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। বর্তমানে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আইওএম বাস্তুচ্যুতদের সঠিক সংখ্যা যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। ঘরছাড়া এসব মানুষের অধিকাংশই দেশের ভেতরেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যান্য এলাকায় আশ্রয় নিয়েছেন।
আইওএমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে তাইজ গভর্নরেটের মোচা শহরের পতন ঘটায় সেখানকার মানুষ তাইজ শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরে যাচ্ছেন। হঠাৎ ঘরবাড়ি ছেড়ে পালানো এসব মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন নিরাপদ আশ্রয়। এর পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট দেখা দিয়েছে।
ইয়েমেনের মানবিক পরিস্থিতি যে আগে থেকেই ভয়াবহ ছিল, সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এসোয়েভ বলেন, সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার আগেই ইয়েমেনের ভেতরে প্রায় ৪৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় সেই সংখ্যায় আরও হাজার হাজার মানুষ যুক্ত হয়েছেন।
সংঘাত বৃদ্ধির পাশাপাশি মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে সতর্ক করেছে আইওএম। দীর্ঘদিনের যুদ্ধ ও সাম্প্রতিক বাস্তুচ্যুতির এই নতুন ঢেউ ইয়েমেনের মানবিক সংকটকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।