চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামে ৩৫ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার গর্ভে থাকা পুত্রসন্তানও মৃত অবস্থায় প্রসব হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় অর্পিতা দাশের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ নির্ধারিত ছিল।
চলতি মাসের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হলে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ সেপ্টেম্বর অর্পিতার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অর্পিতা ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় তাকে রক্তের প্লাটিলেটও দেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। অর্পিতার মৃত্যুর পর তার গর্ভে থাকা পুত্রসন্তানও মৃত অবস্থায় প্রসব হয়।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামেই সন্তান জন্ম দেওয়ার প্রায় এক মাস পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাশেদা বেগম রিমা নামে আরেক নারীর মৃত্যু হয়।