ঢাকার গুলশানে শুক্রবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে কয়েকশ মানুষ জড়ো হয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের পক্ষ থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিলে শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও গুলশানে মিছিলের দৃশ্য দেখা গেছে। সেখানে অংশগ্রহণকারীদের স্লোগান দিতে এবং মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতা চালাতে দেখা যায়।