ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে-বিদেশের অগণিত মানুষের সমর্থন পেয়ে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানো ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান।
নিজের ফেসবুক পোস্টে আজমেরী হক বাঁধন লেখেন, এই কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার অশেষ কৃপা ছিল তাঁর ওপর। একই সঙ্গে ঘটনার পর থেকে বাংলাদেশ সরকার ও ইতালি সরকারের কাছ থেকে যে সহযোগিতা ও আশ্বাস তিনি পেয়েছেন, সে জন্য উভয় দেশের প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বার্তায় বাঁধন জানান, দেশ-বিদেশের ভক্তদের শুভকামনা ও ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। প্রতিকূল সময়ে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। গত সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তিনি কিছু দুষ্কৃতকারীর হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হন। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় ইতালীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে তাঁর সুরক্ষায় পদক্ষেপ নেয়।