ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যার আশঙ্কা থেকেই যায়।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’ একই সঙ্গে বিএনপি সরকারের সময়কার দুর্নীতি ও ঋণখেলাপির বিষয়েও সমালোচনা করেন তিনি।
তার বক্তব্যের সময় সংসদে হট্টগোল শুরু হলে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’ আওয়ামী লীগ সরকারের সময়ও তার বক্তব্যে হট্টগোলের ঘটনা ঘটত উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন তিনি।
ব্যাংক রেজল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তার দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা দেশের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।
বক্তব্যের শেষ পর্যায়ে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুললে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়।