বরিশাল নগরীর ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের ডাস্টবিন থেকে মরদেহ দুটি পাওয়া যায়।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে ময়লা অপসারণের কাজ করার সময় পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি নবজাতক দেখতে পান। বিষয়টি দেখতে পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও কোতোয়ালী মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ নিশ্চিত করেছে, উদ্ধার করা দুই নবজাতকের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে শিশু রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম জানান, নবজাতক দুটিকে কে বা কারা ফেলে গেছে তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।