রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৭১টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপর-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৯৪ জন, মিরপুরে ১৩৪ জন, গুলশানে ৩২ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ১৯ জন রয়েছেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ৩ দশমিক ২ গ্রাম হেরোয়িন।
এ ছাড়া একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোক, দুটি হেলমেট, দুটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ এবং নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।