আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
শনিবার রাতে সাঁও ফিলিপ শহরের দিকে ফেরার পথে পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে চালকসহ মোট ৩২ জন আরোহী ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। এতে বাসচালকও নিহত হয়েছেন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।