নেপালে ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সি এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উদ্ধার হওয়া নারীর নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ। শনিবার নুওয়াকোট জেলার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বেত্রাবতী এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনী।
সশস্ত্র পুলিশ বাহিনী জানায়, উদ্ধারের সময় চান্দিকা অচেতন অবস্থায় ছিলেন। পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনে।
উদ্ধারের পর হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলিতে অবস্থিত নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যার ১১তম দিনে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। এখনো দেশটির বিভিন্ন এলাকায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
সূত্র : কাঠমান্ডু পোস্ট