সাভারের আশুলিয়ায় একটি ঘর থেকে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হজরত আলির মালিকানাধীন একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তারা স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।