চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন থানা থেকে নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের বার্তায় জানানো হয়, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে প্রায় ৮৭ শতাংশকেই উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সম্প্রতি গণমাধ্যমে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশিত হলে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। কারণ এসব প্রতিবেদনে কতজন উদ্ধার হয়েছে সেই বিষয়টি অনুপস্থিত ছিল।
পুলিশের যাচাই-বাছাইকৃত তথ্যমতে, ০ থেকে ৯ বছর বয়সী নিখোঁজ ৪৭৪ শিশুর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ ৬৮ জন। অন্য দিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ১৫ হাজার ২৪৩টি জিডির মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে নিখোঁজ তালিকায় রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু-কিশোর।
পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, ছোট শিশুরা সাধারণত পথ ভুলে কিংবা ঠিকানা বলতে না পেরে হারিয়ে যায়। আর কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পড়াশোনার চাপ, অভিমান, স্বাধীন জীবনযাপনের ইচ্ছা, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের প্রভাব এবং পারিবারিক কলহের কারণে ঘর ছাড়ার প্রবণতা বেশি দেখা যায়।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, অনলাইনে জিডি সুবিধা সহজ হওয়ায় যেকোনো নিখোঁজের তথ্য দ্রুত নথিভুক্ত হচ্ছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করেছে। বাকি নিখোঁজ শিশুদের উদ্ধারেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।