হাজার মিনারের দেশ মিশরের রাজধানী কায়রোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাসুলপ্রেমের আবহে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার, শামায়েলে মুহাম্মাদিয়্যাহ পাঠ, হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুফি সংগঠন ‘আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ বাংলাদেশ’ (মিশর শাখা)-এর উদ্যোগে কায়রোর ত্বাকি স্কয়ারের নাদি আল-মিয়াহ কনফারেন্স সেন্টারে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দরুদ ও সালামের ধ্বনিতে মুখর এ আয়োজনের সূচনায় ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশন।সংগঠনটির সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী। বিশেষ অতিথি ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং প্রথম সচিব মো. জাকির হোসাইন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত আলেম ড. আবদেল ফাত্তাহ আল-আওয়ারি এবং প্রফেসর ড. সুবহি আবদেল ফাত্তাহ রাবি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাইমুম আল-মাহদী আজহারী ও ওমাইর উদ্দিন ওমর আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও উম্মতের প্রতি তাঁর ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন।
হিফজুল হাদিস প্রতিযোগিতার ফল: অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য আয়োজিত ‘হিফজুল হাদিস’ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করেন সাইফুল ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করেন মইনউদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করেন ওবায়দুল্লাহ খান। শামায়েলে মুহাম্মাদিয়্যাহ পাঠ ও ইজাযাহ প্রদান,অনুষ্ঠানে ইমাম তিরমিজি (রহ.) রচিত ‘শামায়েলে মুহাম্মাদিয়্যাহ’ পাঠ ও খতমের আয়োজন করা হয়। আল-আজহারের প্রখ্যাত আলেমদের উপস্থিতিতে বিশ্বনবীর (সা.) সীরাত ও মহান চরিত্রের বর্ণনা পাঠ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ঐতিহ্যবাহী ‘ইজাযাহ’ তুলে দেওয়া হয়।
দূতাবাসের আশ্বাস- বিশেষ অতিথির বক্তব্যে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বলেন, মিশরে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণ ও চাহিদার বিষয়টিকে দূতাবাস সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীরা ভবিষ্যতেও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মাননা প্রদান ও সমাপনী,অনুষ্ঠানে আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদীদের বিন ওদুদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে হিফজুল হাদিস প্রতিযোগিতার বিজয়ী, কৃতী শিক্ষার্থী ও প্রবীণ ব্যক্তিত্বদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সমাপনী বক্তব্যের পর মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী। সবশেষে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।