দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসেই সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দুই দিনেই মারা গেছেন ১০ জন। এর আগে জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনসহ নতুন রোগী ভর্তি হয়েছেন ১১১০ জন। এর মাধ্যমে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৮ হাজার ২৮০ জনে। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে; গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮ জন। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন মোট ৩৫ হাজার ৪৩৩ জন।
বিভাগভিত্তিক চিত্রে দেখা গেছে, গত একদিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৯০, চট্টগ্রামে ১৭৫, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১ এবং ময়মনসিংহ বিভাগে ৬৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।