রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও বিশেষায়িত ইউনিটের অভিযানে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা, অপরাধপ্রবণ স্থান এবং বিভিন্ন গলিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার অপরাধী, মাদক কারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির আটটি অপরাধ বিভাগ ছাড়াও গোয়েন্দা বিভাগ ও কাউন্টার টেররিজম ইউনিট এসব অভিযান পরিচালনা করে।
এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩১ জন এবং লালবাগ বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে চারজন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা ও ২৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা, একটি ধারালো চাকু, একটি কাটার, নয়টি মোবাইল ফোন এবং একটি ভুয়া শিক্ষার্থী পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান চালানো হচ্ছে। কোনো অপরাধী বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় পৃথক মামলা দায়েরের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।