ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার রাজধানীর শাহবাগ থানায় সশরীরে উপস্থিত হয়ে তিনি এই সাধারণ ডায়েরি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, একটি ফেসবুক পেজ থেকে তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বর, ই-মেইল এবং বাসার ঠিকানা অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর পর থেকেই বিভিন্ন অজানা নম্বর থেকে ফোন করে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ ও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বাসার ঠিকানা প্রকাশ্যে আসায় নিজ বাসস্থানে অবস্থান করাও অনিরাপদ মনে করছেন তিনি, যা তাঁকে এবং তাঁর পরিবারকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। এই পরিস্থিতিতে নিজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সহায়তা চেয়েছেন ওই শিক্ষক।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হয়রানির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ঘটনায় সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানোর পাশাপাশি অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।