নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃত পুরুষেরা হলেন সোনাইমুড়ী উপজেলার সোহাগ (৪০), ইকবাল হোসেন (৪২), জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার মো. মুন্না (২৩)।
রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে গ্রেপ্তারদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে এই অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ মেলায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।