২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চলমান পাইলটিং কর্মসূচির ফলাফলে কোনো ত্রুটি বা সমস্যা ধরা পড়লে চালুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বছরের শুরুতে না হলেও ২০২৭ সালের মধ্যেই এই কর্মসূচি চালু করা হবে।
রোববার রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, পাইলটিং কর্মসূচিতে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সোমবার দিনাজপুরে আয়োজিত কর্মশালায় এ বিষয়ে বিস্তারিত চিত্র পাওয়া যাবে। পাইলটিংয়ের ফলাফল ইতিবাচক থাকলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই এ উদ্যোগ নেওয়া হবে, তবে কোনো কারিগরি জটিলতা থাকলে একই বছরের মধ্যভাগে তা বাস্তবায়ন করা হবে।
দেশে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়ার বিষয় সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থী কমছে না বাড়ছে, সেটি সরকারের মূল বিষয় নয়। সরকারের আসল দায়িত্ব হলো, প্রতিটি শিশু যেন বিদ্যালয়ে যায় এবং সঠিক ও মানসম্মত শিক্ষা পায় তা নিশ্চিত করা।
সরকারের ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিক শিক্ষা সেবা পাচ্ছেন কি না, তা তদারকি করা সরকারের দায়িত্ব। যে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না, তা হলো- প্রত্যেক শিশুকে স্কুলে যেতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের সাথে কথা বলা শেষে প্রতিমন্ত্রী পিটিআই প্রশিক্ষণার্থীদের একটি কর্মশালায় অংশ নেন।