দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া উপাত্ত অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৯৩ জন। এর মধ্যে কেবল চলতি আগস্ট মাসেই ৩৯ জনের মৃত্যু হলো। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগী মারা যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
অন্যদিকে, একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাশেষে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৪৫৯ জন ডেঙ্গু রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন। পাশাপাশি খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন।