ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী একসঙ্গে জয়ী হয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে তারা বিজয়ী হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী মো. আবু সাদিক ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।
একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন। কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন। তার স্ত্রী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম ও রিডিং রুম সম্পাদক পদে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়হান বলেন, “শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমরা সেই আস্থার প্রতিদান দেব।”
উম্মে সালমা জানান, “শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।