রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ার ঘটনায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা পারভীন রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন। সকালে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে এক ছিনতাইকারী এসে তার ব্যাগ ধরে টান দেয়।
এ সময় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে যান রনজিনা পারভীন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।