জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান তারা।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে দুই পক্ষই বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করতে পারেন।
তবে প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।