বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল ধূলিঝড়ের আশঙ্কায় সৌদি আরবের একাধিক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। একই সাথে অস্থিতিশীল আবহাওয়ার মধ্যেও কিছু এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।
বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বার্তায় জানানো হয়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে পাহাড়ি ও নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
বিশেষ করে মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল ও আদহামসহ আশপাশের এলাকায় ভারী বর্ষণের আশঙ্কায় উচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। এছাড়া মদিনার বিভিন্ন স্থানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ এবং জেদ্দাসহ সংলগ্ন এলাকায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি রয়েছে।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দেশজুড়ে চরম গরম অব্যাহত থাকবে। মদিনায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস, দাম্মামে ৪৬ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।