৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ প্রদান করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গেজেট অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে। সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাকে বিপিএটিসি কিংবা সরকার নির্ধারিত যেকোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
নিয়োগ পাওয়া চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ক্ষেত্রবিশেষে সরকার এই সময়সীমা আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে। তবে শিক্ষানবিশকালে কেউ চাকরির অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরিচ্যুত করার এখতিয়ার সরকারের থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। সেখান থেকে প্রথম দফায় গত ২২ জানুয়ারি ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।