বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শহীদুল্লাহ হলে ভোট কাস্ট হয়েছে প্রায় ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ এবং অমর একুশে হলে ৭২ শতাংশ। অন্য হলগুলোতেও ভোটগ্রহণের হার সন্তোষজনক ছিল।
কবি জসীমউদ্দীন হলে ১ হাজার ৩০৩ ভোটারের মধ্যে ১ হাজার ৬৪ জন ভোট দিয়েছেন, যা প্রায় ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ২১২টি (৬৯ শতাংশ)। সূর্যসেন হলে ১ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৭৪ জন ভোট দিয়েছেন, যা ৮৫ শতাংশ। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটারের মধ্যে ১ হাজার ৩৫০ ভোট পড়েছে, যা ৮৫ শতাংশ।
প্রশাসনের দাবি, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা চলছে।
এবার ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন নারী। এছাড়া ১৮টি হলে প্রতি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী।