সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসা নিচ্ছেন খুলনা বিভাগে ১৫৯ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন। এছাড়া বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী। এ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন ৫ জনের মৃত্যুসহ চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।