হাম ও ডেঙ্গুর দ্বিমুখী চাপ, ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের মৃত্যু
প্রবাহ বাংলা প্রতিবেদন
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু ও হামের উপসর্গে বিপুলসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪০৪ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন, যাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গু ও হামের এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ এবং বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা ও দ্রুত চিকিৎসার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।