সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাসিন্দা নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী হজুফা (২৮), চার বছরের কন্যাসন্তান আয়েশা এবং অটোরিকশাচালক লালন মিয়া। নিয়ামত পরিবার নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলরি সজোড়ে ধাক্কা দিলে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।