রাজধানীতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস নিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েছেন এক নারী চালক। পরবর্তীতে একজন পুরুষ চালকের সহায়তায় বাসটি নিরাপদে ফ্লাইওভারে তোলা সম্ভব হয়। বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হন চালক ফাহিমা সানজান। পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তিনি বাসটি থামিয়ে দেন। পরে সড়কে দীর্ঘ যানজট ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এগিয়ে আসেন এক পুরুষ চালক। তিনি বাসটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারে তোলেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নারীদের পরিচালিত এই ‘পিংক বাস’ সেবা চালু করে। ব্যতিক্রমী এই উদ্যোগ বেশ প্রশংসিত হলেও উদ্বোধনের পরদিনই যাত্রীসংকটে পড়েছে বাসগুলো।
রাজধানীর অনেক নারীই এখনো পিংক বাসের রুট সম্পর্কে অবগত নন। সরেজমিনে দেখা যায়, মতিঝিল থেকে মিরপুর-১০ অভিমুখী এবং আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী দোতলা বাসগুলোতে মাত্র ৩ থেকে ৬ জন করে যাত্রী যাতায়াত করছেন। প্রচারণার অভাবে যাত্রী সংখ্যা কম থাকায় নির্ধারিত অনেক পয়েন্টেই থামছে না বাসগুলো।