সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালক রেজওয়ান হোসেন (৩৫) নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। আর দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত রেজওয়ান হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাদ্দামের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৬টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।