ভারতের বিহার রাজ্যের লখিসরাইয়ের অশোকধাম মন্দিরে প্রচণ্ড ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও পদপিষ্টের মতো ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মন্দিরটিতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। শ্রাবণ মাসের সোমবার সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ায় এদিন শিবমন্দিরগুলোতে সাধারণত বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে।
লখিসরাইয়ের সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা শিবম কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছিল। এতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে সেখানে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।
তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, মন্দিরে নজিরবিহীন ভিড় হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন সেখানে পৌঁছানোর পর ভক্তদের সংখ্যা আরও বেড়ে যায়।
তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি আগে থেকেই অনুমান করা হয়েছিল এবং সে অনুযায়ী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে একপর্যায়ে ভিড়ের চাপে একটি প্রতিবন্ধকের এক পাশ ভেঙে পড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর মন্দির এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রচণ্ড ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল।