নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি উপলক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা কারাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সংগঠন “জীবন” (জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক)।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুইন্সের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জীবন বোর্ডের সদস্য, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কারাম চৌধুরী বর্তমানে “জীবন” সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে নিউইয়র্ক পুলিশের ১০৪তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ছিলেন। বক্তারা বলেন, তাঁর এ পদোন্নতি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য গৌরবের বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর কর্মজীবন ও কমিউনিটির প্রতি অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
কারাম চৌধুরী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৫ সালে এনওয়াইপিডিতে যোগ দেন। তিনি ২০১৯ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। তাঁর কাজিন খন্দকার আব্দুল্লাহ বর্তমানে নিউইয়র্ক পুলিশের ৮১ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে প্রোক্লেমেশন প্রদান, কেক কাটা ও নৈশভোজের আয়োজন ছিল। বক্তারা বলেন, কঠোর পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে প্রবাসেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব—এর উজ্জ্বল দৃষ্টান্ত কারাম চৌধুরী।