সিলেটের লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ছাত্রদের হিফয সমাপন, সবক প্রদান এবং যিকর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ এশা লালারগাঁও জামে মসজিদে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদের খতীব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহীদ এবং সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা রশীদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে পবিত্র কুরআন হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের হিফয সমাপন ও সবক প্রদান করা হয়। বক্তারা কুরআন হিফযের গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআন হিফয করা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠন সম্ভব। তারা হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের কুরআনের আলোকবর্তিকা হয়ে জীবন পরিচালনার আহ্বান জানান।
মাহফিল শেষে প্রধান অতিথি হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী মাদরাসার অসুস্থ প্রতিষ্ঠাতা মুহতামিম মাস্টার আব্দুল করিম সাহেবের বাসভবনে যান। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং লতিফিয়া কারী সোসাইটি ও তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।