রাজধানীতে যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাসুদ করিম বলেন, অটোরিকশার বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি রাজধানীর যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ক্যামেরাগুলো সচল করার পরিকল্পনা রয়েছে। ঢাকাকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় পরিবর্তন আনার চেষ্টা চলছে।
চাঁদাবাজি প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা যেন সহজে সেবা নিতে পারেন, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, বর্তমানে ডিএসসিসির আওতায় ২ লাখ ৪৬ হাজার ১৮টি ট্রেড লাইসেন্স রয়েছে। ব্যবসার ধরন ও প্রকৃতি অনুযায়ী ২৯৪ ধরনের ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।