অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় এই জয় পেল টাইগাররা।
জানা গেছে, বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি এবং ঐতিহাসিক সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার কারণেই এই অসাধারণ সাফল্য এসেছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে দেশে তাঁদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন।
ভিডিও কলে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার আবহাওয়ার প্রসঙ্গেও কথা বলেন এবং সেখানে গরমের পরিস্থিতি কেমন, তা জানতে চান।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেবে।
উল্লেখ্য, ডারউইনের এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। ২৩ বছর পর দ্বিতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টেই স্বাগতিকদের হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।