রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার সান্ত্বনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন নানিয়ারচরের ঘিলাছড়ির শোভা চাকমা (৫২), শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫) এবং পিকআপ ভ্যানের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ছয়জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তবে তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।