চাঁদপুরের ফরিদগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার পর জেসমিন বেগম নামের ওই নারী দাবি করেন, অসুস্থতা ও ওষুধ কেনার টাকা জোগাড় করতেই বাধ্য হয়ে তিনি গাঁজা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক জেসমিন বেগম ওই এলাকার রঞ্জন সওদাগরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেসমিন বেগমের চলাফেরা নিয়ে স্থানীয়দের সন্দেহ ছিল। পরে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও মাদক সংক্রান্ত ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, কামতা এলাকায় এক বৃদ্ধার মাদক বিক্রির বিষয়ে নজরদারি চলছিল। পরে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।