মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাবা-ছেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা রড দিয়ে তাঁদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যায়।
ছিনতাই হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং ৮৫ হাজার টাকা ছিল বলে জানা গেছে।
বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও রড দিয়ে আঘাত করে। পরে আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক সাঈদ হোসেন জানান, এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীর সংখ্যা ছিল তিন থেকে চারজন। ঘটনার সময় ওই প্রত্যক্ষদর্শী বাজি ফাটার মতো একটি শব্দ শুনেছেন। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।