টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। গতকাল শুক্রবার প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দর অনুযায়ী, আজ শনিবারও আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। গতকাল সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ শনিবার দেশের বাজারে এসব দামেই সোনা বিক্রি হবে।