কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও জিপের (ছাদখোলা গাড়ি) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস ও বিপরীতমুখী একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরবর্তীতে গুরুতর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস ও জিপটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।