ক্যানসার মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন করল রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি ভ্যাকসিন, যা ট্রায়ালে শতভাগ সফল হয়েছে। অনুমোদন পেলেই চলতি মাসেই বাজারে আসবে ‘এন্টারোমিক্স’ নামের এ টিকা।
রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিন।
কীভাবে কাজ করবে এন্টারোমিক্স?
এমআরএনএ প্রযুক্তি মূলত শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করায়। একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছিল করোনাভাইরাসের ভ্যাকসিনও।
গবেষকদের দাবি, এ ভ্যাকসিন ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ে কার্যকর। এটি কেবল ক্যানসার কোষ ধ্বংস করে না, বড় আকারের টিউমারও ছোট করতে সক্ষম। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের শরীরে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
নতুন আশার আলো
দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগ হিসেবে বিবেচিত ক্যানসারকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এ ভ্যাকসিনকে যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানে এটি নতুন এক অধ্যায়ের সূচনা করবে।
বর্তমানে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ভ্যাকসিনটি। অনুমোদন মিললেই রোগীদের জন্য উন্মুক্ত হবে ক্যানসারের বিরুদ্ধে এ বৈপ্লবিক প্রতিষেধক।