দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।
অন্যদিকে, একই সময়ে আরও ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।